পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৯৮টি ফ্লাইটে ৩৯ হাজারের বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদিতে। তবে আনন্দের এ যাত্রার মাঝেই শোকের ছায়া—ইতোমধ্যে ৭ জন হাজির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৩২৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এ পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনা-য় মারা গেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন—মো. শামসুল আলম (৬৩), যার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী এবং এ বছর সরকারি ব্যবস্থাপনায় এটিই প্রথম মৃত্যু।
এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় এবং একই দিন মক্কায় শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮) মারা যান।
এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে সৌদি আরবে।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান।