সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে মানসম্মত ও আধুনিক শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শুধু শিক্ষিত নয়, যোগ্য ও মানবিক মানুষ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
মঙ্গলবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ, অসহায়, অসুস্থ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণকে জনসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সমাজে ভালো ও দক্ষ মানুষের সংখ্যা বাড়লে অন্যায়-অবিচার কমে আসবে এবং একটি মানবিক ও সুশৃঙ্খল রাষ্ট্র গড়ে উঠবে।
তিনি আরও বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। একজন ভালো মানুষ যদি প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে, তাহলে তার এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত হওয়ার কথা নয়।
অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে সরকার সবসময় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে।
অনুষ্ঠানে ৩৩ জন শিক্ষার্থী, ৫ জন অসুস্থ ও অসহায় ব্যক্তি এবং ৫ জন প্রতিবন্ধীর মাঝে প্রায় সাড়ে ১২ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। পরে উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামে ২০০ অসহায় নারী-পুরুষের মধ্যে ১৫ কেজি করে চাল এবং ১০০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।