বিশ্বের জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের জন্য জরুরি আপডেট এনেছে গুগল। কারণ ব্রাউজারে একটি গুরুতর সাইবার নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে। এটি একটি ‘জিরো-ডে’ ত্রুটি। হ্যাকাররা এরইমধ্যে এই ত্রুটি ব্যবহার করে সাইবার হামলা চালিয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৩৬০ কোটি মানুষ এই ব্রাউজার ব্যবহার করেন।
গবেষক সালভাতোরে গুলিজিয়া এই ত্রুটিটি খুঁজে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি গুগলকে জানান। জিরো-ডে ত্রুটি বড় উদ্বেগের কারণ। কারণ সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান আগে থেকে এই ত্রুটির কথা জানে না। ফলে ব্যবহারকারীদের রক্ষার জন্য তাদের হাতে আগাম প্রস্তুতির সময় থাকে না। এমনটাই লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
উইন্ডোজ, ম্যাকওএস ও লিনাক্স—তিন অপারেটিং সিস্টেমের জন্যই নতুন আপডেট এনেছে গুগল। এই ত্রুটিকে ‘সিভিই-২০২৬-৮৫০৪৬’ নামে চিহ্নিত করা হয়েছে। আপডেটে মোট ১২টি নিরাপত্তা ফিক্স যুক্ত করা হয়েছে।
ব্যবহারকারীদের আপডেট করার পর্যাপ্ত সময় দিতে গুগল এখনই ত্রুটিটি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। এক বিবৃতিতে গুগল বলেছে, “আমরা জানি, সিভিই-২০২৬-৮৫০৪৬ ত্রুটির একটি এক্সপ্লয়েট বাস্তবে সক্রিয় আছে। অধিকাংশ ব্যবহারকারী আপডেট শেষ না করা পর্যন্ত আমরা বিস্তারিত তথ্য ও লিংক সীমিত রাখব।”
এই ত্রুটির অপব্যবহার হতে পারে একটি নির্দিষ্ট পদ্ধতিতে। প্রথমে ব্যবহারকারীকে ক্ষতিকর কোডযুক্ত একটি এইচটিএমএল পেইজে যেতে প্রলুব্ধ করা হয়। এরপর হামলাকারীরা আক্রান্ত ব্রাউজার ট্যাবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এর ফলে সিস্টেম ক্র্যাশ করতে পারে। ক্ষতিকর কোডও চালানো যেতে পারে। এমনকি ব্যবহারকারীর সংবেদনশীল তথ্যও চুরি হতে পারে।
তবে কারা এই ত্রুটির অপব্যবহার করছে, তা এখনো স্পষ্ট নয়। কতজন এর শিকার হয়েছেন বা কাদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি গুগল। এ নিয়ে মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।
এর আগে চলতি বছরের মে মাসে একটি গুরুত্বপূর্ণ তথ্য পান গবেষকরা। ‘গুগল থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ’ বা জিটিআইজি তখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি জিরো-ডে ত্রুটির প্রথম বাস্তব প্রমাণ পায়। সে সময় গবেষকরা জানিয়েছিলেন, একটি থ্রেট অ্যাক্টর এই জিরো-ডে এক্সপ্লয়েট ব্যবহার করেছিল। তাদের ধারণা, এটি এআইয়ের সহায়তায় তৈরি হয়েছিল। সাইবার অপরাধীরা এটি বড় ধরনের হামলায় ব্যবহারের পরিকল্পনা করেছিল। তবে গুগলের সক্রিয় পদক্ষেপে তা হয়তো ঠেকানো গেছে।
সর্বশেষ এই জিরো-ডে ঝুঁকি এড়াতে ক্রোম ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল। এ জন্য ব্রাউজারের ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘অ্যাবাউট ক্রোম’-এ ক্লিক করতে হবে।