আজ বৃহস্পতিবার গভীর রাত থেকে আগামীকাল শুক্রবার ভোর পর্যন্ত আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। এ সময় গভীর আংশিক চন্দ্রগ্রহণ হবে। এতে চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে (০৪:১২ জিএমটি) চন্দ্রগ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
ভৌগোলিক অবস্থানের কারণে গ্রহণের মূল দৃশ্য সবচেয়ে পরিষ্কার দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে। ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও চাঁদ ওঠা বা ডোবার সময় আংশিক গ্রহণ দেখা যাবে।
চাঁদের বেশির ভাগ অংশ পৃথিবীর সবচেয়ে অন্ধকার ছায়ায় ঢেকে গেলেও এটি পুরোপুরি অদৃশ্য হবে না। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা প্রতিফলিত হয়ে চাঁদের ওপর পড়বে। এতে চাঁদ তামাটে বা লালচে রং ধারণ করবে।
এ ধরনের দৃশ্যকে অনেকে রূপক অর্থে ‘ব্লাড মুন’ বলে থাকেন।
পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলবে। তবে চাঁদের লালচে হয়ে ওঠার দৃশ্য অল্প সময়ের জন্য স্থায়ী হবে।
চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো কোনো বিশেষ প্রতিরক্ষামূলক চশমার প্রয়োজন নেই। আকাশ মেঘমুক্ত থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
সূত্র: আনাদোলু এজেন্সি