ঢাকা, ৪ মে ২০২৬: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে জাতীয় সংসদকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
সোমবার জাতীয় সংসদে নিজ কার্যালয়ে ইউএনডিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, সংসদ কার্যকর হলে গণতন্ত্রও শক্তিশালী হয়। সরকারি দল ও বিরোধী দল গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে অনেক সমস্যার সমাধান সহজ হয়। জ্বালানি বিষয়ক বিশেষ কমিটির উদাহরণ দিয়ে তিনি বলেন, সংসদীয় উদ্যোগের মাধ্যমেও গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করা সম্ভব।
সাক্ষাতে সংসদ শক্তিশালীকরণ, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাকস্বাধীনতা এবং সংসদের কার্যপ্রণালি নিয়ে আলোচনা হয়।
চিফ হুইপ জানান, সরকার দারিদ্র্য কমাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নানা সহায়তা কর্মসূচি চালু করেছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও খাল খননের মতো কার্যক্রমও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে পারস্পরিক বিশ্বাস ও সুশাসন প্রয়োজন, আর সুশাসনের জন্য গণতন্ত্র অপরিহার্য।
ইউএনডিপি প্রতিনিধি ড্রাগন পপভিচ বলেন, সংসদ সদস্য ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ইউএনডিপি সহায়ক ভূমিকা রাখতে পারে। জাতীয় সংসদকে আরও কার্যকর করতে ইউএনডিপি একসঙ্গে কাজ করতে আগ্রহী।