ঢাকা, ৪ মে ২০২৬: দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
সোমবার থেকে ২০২৬ সালের মে-জুন প্রান্তিকের আবেদন শুরু হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা আগামী ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে।
যোগ্যতার শর্ত অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীকে দুর্ঘটনায় গুরুতর আহত হতে হবে এবং নির্ধারিত শিক্ষাগত ফলাফল থাকতে হবে। এছাড়া সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তান কিংবা বছরে ২ লাখ টাকার কম আয়কারী অভিভাবকের সন্তানরা এই অনুদানের জন্য বিবেচিত হবেন।
আবেদনের সঙ্গে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসকের দেওয়া গুরুতর আহত হওয়ার চিকিৎসা সনদ আপলোড করতে হবে। দুর্ঘটনার এক বছরের মধ্যে আবেদন করতে হবে।
ট্রাস্ট জানিয়েছে, অনুদানের অর্থ সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক হিসাবে অনলাইনে পাঠানো হবে। তাই আবেদন করার সময় সঠিক ব্যাংক হিসাব ও সচল মোবাইল নম্বর দিতে হবে। কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।