ঢাকা, ৪ মে ২০২৬: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে কার্যকর করতে জেলা প্রশাসকদের দায়িত্বশীল, নিরপেক্ষ ও সেবামুখী ভূমিকা পালন করতে হবে।
জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা প্রশাসকরা শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, তারা মাঠপর্যায়ে সরকার ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেন।
স্পিকার বলেন, জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে তাদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা অপরিহার্য।
তিনি আরও বলেন, প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা। আমলাতন্ত্রকে শাসনের মানসিকতা থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। মতভিন্নতা ও বিতর্ক সংসদীয় গণতন্ত্রকে আরও পরিপক্ব করে।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।