তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার (৫ মে) চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিএনপি ক্ষমতায় আসার পর এটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর প্রথম চীন সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজই তিনি ঢাকা ছেড়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেবেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে চীনকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল ৬ মে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহযোগিতা, পানি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
একই দিনে চীনের উন্নয়ন বিষয়ক মন্ত্রীসহ দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হবে।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তাঁরা কুনমিং হয়ে বেইজিং পৌঁছাবেন।
সফর শেষে আগামী ৭ মে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।