তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের বিভিন্ন জাতীয় সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বারবার সমাধানমুখী নেতৃত্ব দিয়েছে এবং সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনৈতিক পথ খুঁজেছে।
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সংসদ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভিন্ন বাস্তবতার প্রতিফলন, যেখানে আগের সংসদগুলোর তুলনায় বৈচিত্র্য বেশি দৃশ্যমান। তিনি উল্লেখ করেন, ভোটের ধরণ ও রাজনৈতিক সমীকরণের পরিবর্তন গণতন্ত্রে নতুন মাত্রা যোগ করেছে।
তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান নেতৃত্বে তারেক রহমানের সময়েও দলটি সংকট মোকাবেলায় সক্রিয় ছিল বলে তিনি উল্লেখ করেন।
১৯৭১, ১৯৭৫, ১৯৮২ এবং ২০২৪ সালের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এসব সময়ে বিএনপি রাষ্ট্রীয় সংকট সমাধানে ভূমিকা রেখেছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপের মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে এবং তা মোকাবেলায় কাজ করছে। শেয়ারবাজারে লেনদেন বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহে উন্নতির কথাও তিনি তুলে ধরেন।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে প্রভাব পড়ছে বলে তিনি উল্লেখ করেন। এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে বলেও জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এ খাতে ইতিবাচক অগ্রগতি অর্জন করছে। একই সঙ্গে তিনি জানান, আগামী বাজেটে প্রায় ৮ লাখ কোটি টাকার প্রস্তাব আসতে পারে, যা একটি বড় চ্যালেঞ্জ।
বিরোধী দল ও ১১ দলীয় জোটের প্রতি গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে রাজনৈতিক ঐক্য অপরিহার্য এবং সংসদের ভেতর থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক বিতর্কের পেছনে মূলত আদর্শগত পার্থক্য কাজ করছে। ধর্ম, স্বাধীনতার চেতনা কিংবা ঐতিহাসিক ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করারও আহ্বান জানান তিনি।
শেষে রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করেন এবং সংসদ পরিচালনার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।