5
ওয়ানডে ফরম্যাটে ফর্মটা বেশ ভালো বাংলাদেশ দলের। সর্বশেষ চার সিরিজ জিতে এবার জিম্বাবুয়ের সামনে টাইগাররা। পূর্ণশক্তির দল নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে।
একমাত্র টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে নামবে টাইগাররা। লিটন দাস, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের নিয়ে জিম্বাবুয়ে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে যদিও লিটনের খেলা নিয়ে শঙ্কা আছে। শেষ পর্যন্ত লিটন খেলতে না পারলে একাদশে নুরুল হাসান সোহানের ঢুকে যাওয়ার সম্ভাবনাই বেশি। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে জুটি বাঁধতে পারেন সাইফ হাসান বা সৌম্য সরকার। দীর্ঘ দিন ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সাইফ আরও একটি সুযোগ পাবেন নাকি এবার সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন।
সাইফকে ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ না দিলে এবং ডানহাতি-বাঁহাতির তত্ত্ব থেকে বেরিয়ে এলে সৌম্যর দিকে ঝুঁকতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। তিনে নাজমুল হোসেন শান্তর সাথে চারে তাওহিদ হৃদয়ের খেলাও নিশ্চিত। পাঁচে লিটন না খেললে সোহান। সাথে অস্ট্রেলিয়া সিরিজে রাজকীয় প্রত্যাবর্তন ঘটানো মোসাদ্দেক হোসেন সৈকত ছয়ে এবং সাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বোলিং ইউনিটে তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানার খেলা প্রায় নিশ্চিতই। সাথে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন তানভীর ইসলাম।
বোলিং ইউনিট নিয়ে অত চিন্তার কিছু নেই বাংলাদেশের। ঘরের মাঠে গত কয়েকটি সিরিজে ফর্মের তুঙ্গে আছে টাইগার পেস ইউনিট। যারাই খেলছেন তারাই পারফর্ম করে নিজেদের প্রমাণ করছেন। স্পিনার পেসার সব দিকেই দারুণ ভারসাম্য টাইগার বোলিং ইউনিটে।
চিন্তার জায়গা একটা আছে – ব্যাটিং। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটাররা আলো ছড়ালেও সেই আলো নিভে যেতেও খুব একটা সময় লাগে না বাংলাদেশ দলের। জিম্বাবুয়ের কন্ডিশনে বড় রান তুলে ম্যাচ জিততে হলে ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার বিকল্প নেই। ফলে ব্যাটিংয়ে বড় রান পেতেই হবে।
টেস্টে বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে জিম্বাবুয়ে। ওয়ানডেতেও নিশ্চিতভাবেই হারাতে চাইবে। বাংলাদেশ নিজেদের সেভাবে হারানোর সুযোগ না করে দিলেই হয়।
দুই দলের সম্ভাব্য একাদশ:
জিম্বাবুয়ে: ব্রায়ান বেনেট, বেন কারান/ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি এবং এরনেস্ট মাসুকু।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান/সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।