দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একাধিক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড থেকে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত পাঁচ কার্গোর মধ্যে যুক্তরাজ্য থেকে দুটি, সুইজারল্যান্ড থেকে দুটি এবং সিঙ্গাপুর থেকে একটি কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।
সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর আওতায় আন্তর্জাতিক কোটেশন (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৬-২৭ জুন সরবরাহের জন্য ২৬তম কার্গো, ৩০ জুন-১ জুলাইয়ের জন্য ২৭তম কার্গো এবং ৬-৭ জুলাইয়ের জন্য ২৮তম কার্গো সংগ্রহ করা হবে।
এই তিন কার্গোর মধ্যে একটি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং দুটি যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে কেনা হবে। এসব এলএনজি আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ টাকার বেশি।
এ ছাড়া পৃথক একটি প্রস্তাবের মাধ্যমে সুইজারল্যান্ড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও দুটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই দুই কার্গোর ক্রয়মূল্য এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানির উদ্যোগ অব্যাহত রেখেছে।