ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্টেশনে প্রবেশের সময় থেকেই কড়া নজরদারি রাখা হচ্ছে। কোনো টিকিটবিহীন ব্যক্তি স্টেশনে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ট্রেনের ছাদে ওঠা প্রতিরোধে তিন স্তরের নিরাপত্তা বলয় কার্যকর করা হয়েছে।
কমলাপুর স্টেশন সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ ধীরে ধীরে বাড়ছে। ইতোমধ্যে সকাল পর্যন্ত ১১টি আন্তঃনগর ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেছে।
স্টেশন ম্যানেজার আরও জানান, যাত্রীদের সুবিধার্থে সর্বনিম্ন শ্রেণির জন্য ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটও বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, প্রায় ৪৫ হাজার সিট টিকিটের পাশাপাশি স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে মোট প্রায় ৭০ হাজার টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি জানান, আগামীকাল শনিবার থেকে ৪৩ জোড়া আন্তঃনগর এবং ২৩ জোড়া কমিউটার ট্রেনসহ মোট ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেছে, কেউ যেন দালাল বা কালোবাজারির মাধ্যমে টিকিট না কেনে এবং বৈধ টিকিট ছাড়া ভ্রমণ না করে। একই সঙ্গে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ঈদযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে।