আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক “ডাকার আন্তর্জাতিক ফোরাম”-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু এনজিয়ে-এর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় গাম্বিয়ার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগকে তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
এদিকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষ বহুপাক্ষিক পর্যায়ে, বিশেষ করে ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)-এর আওতায় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হন। উল্লেখ করা হয়, বর্তমানে গাম্বিয়ার প্রেসিডেন্ট সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুই নেতা ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি ও ক্রীড়া খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।