রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় ঢাকা শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নাগরিক সেবা বৃদ্ধি এবং নগর অবকাঠামো উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকাকে বাসযোগ্য, আধুনিক ও নাগরিকবান্ধব নগরীতে পরিণত করতে হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান জরুরি। এ জন্য বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এসব প্রকল্পের সুফল পায়।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।