ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী একটি কমিউটার ট্রেন ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা তিন যুবক নিচে পড়ে যান। ধারণা করা হচ্ছে, যাত্রাপথে ভারসাম্য হারিয়ে তারা পড়ে যান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। আহত বাকি দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জিআরপি থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।