দেশে হামের টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি জানান, এখন পর্যন্ত ২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১২২ শতাংশে পৌঁছেছে। তার মতে, এই সাফল্য দেশের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
সোমবার কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে, যেখানে সংক্রমণের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। ঈদুল আজহা সামনে রেখে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা ও ওষুধ সরবরাহ পরিস্থিতি ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।