পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে ঢোল-বাদ্য ও রঙিন মোটিফের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। সকাল ৮টা থেকেই চারুকলা অনুষদের প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন উৎসবপ্রিয় মানুষজন।
এবারের শোভাযাত্রায় অংশ নিয়েছেন প্রায় ২০০ শিক্ষার্থী, যারা জাতীয় পতাকা বহন করছেন। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় ঢোল-ঢাক ও লোকবাদ্যের তালে তৈরি হয় বর্ণিল উৎসবমুখর পরিবেশ।
চারুকলা অনুষদের তৈরি বাঁশ, কাঠ ও রঙিন কাগজের বিশাল মোরগ, হাতি, পায়রা, বেহালা ও ঘোড়াসহ বিভিন্ন মোটিফ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এসব মোটিফ শক্তি, শান্তি, সৃজনশীলতা, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
শোভাযাত্রার মূল বার্তা রাখা হয়েছে—অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর পথে যাত্রা।
আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষেধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, পাশাপাশি ক্যাম্পাসজুড়ে সিসিটিভি ও মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে।
বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।