লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। অভিযানে অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে (২৩) জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়, যা প্রায় ২ কোটি টাকা সমমূল্যের। এর মধ্যে ১০০ ডলারের ১,৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট ছিল।
পুলিশ জানায়, আটক যুবকের নাম নুরনবী সরকার, তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানার ওসি স্বাদ ইসলাম জানিয়েছেন, জব্দকৃত ডলার থানায় রাখা হয়েছে এবং এর উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। স্থানীয়ভাবে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।