দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মাসিক ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। নতুন হারে এ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থ বিভাগের বিধি শাখার রেগুলেশন-৩ শাখা গত ২ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে ১৭ সেপ্টেম্বর তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। রাষ্ট্রপতির পক্ষে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মচারীদের গ্রেড ও চাকরির মেয়াদ বিবেচনায় নিয়ে ঝুঁকি ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স ৫ বছর বা তার কম হলে এক হার, ৫ বছরের বেশি থেকে ১০ বছর, ১০ বছরের বেশি থেকে ১৫ বছর, ১৫ বছরের বেশি থেকে ২০ বছর এবং ২০ বছরের বেশি হলে ধাপে ধাপে ভাতার পরিমাণ বাড়বে।
নতুন কাঠামোয় ১০ম গ্রেডের কর্মচারীরা চাকরির মেয়াদ অনুযায়ী মাসে সর্বনিম্ন ৩ হাজার ২৪০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকা ঝুঁকি ভাতা পাবেন। ১১তম গ্রেডে এ ভাতা ২ হাজার ৬৪০ থেকে ৫ হাজার ৫২০ টাকা এবং ১২তম গ্রেডে ২ হাজার ৫২০ থেকে ৫ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৩তম গ্রেডে ২ হাজার ২৮০ থেকে ৪ হাজার ৮০০ টাকা, ১৯তম গ্রেডে ১ হাজার ৫৬০ থেকে ৩ হাজার ২৪০ টাকা এবং ২০তম গ্রেডে ১ হাজার ৪৪০ থেকে ৩ হাজার ১২০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা পাওয়া যাবে। ১৪ থেকে ১৮তম গ্রেডেও চাকরির মেয়াদ অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে।
তবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০১৮ সালের ২০ আগস্ট জারি করা আদেশ অনুযায়ী পুরোনো হারে ঝুঁকি ভাতা কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রেষণে কর্মরত কোনো কর্মচারী নতুন হারে ঝুঁকি ভাতা গ্রহণ করলে সংশ্লিষ্ট বাহিনী বা প্রতিষ্ঠানের নিজস্ব ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা বা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সেবা ভাতা গ্রহণ করতে পারবেন না। সূত্র: বাসস