জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগরের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সরকারদলীয় সংসদ সদস্য ও পরিবহন নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসও উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত নিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এই ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, দূরপাল্লা ও সিটি সার্ভিস—উভয় ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। নতুন ভাড়া কার্যকর করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করবে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর সঙ্গে বৈঠকে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।
এর আগে সড়ক পরিবহন মালিক সমিতিও প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাবে দূরপাল্লার বাসে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭৩ পয়সা করার কথা বলা হয়।
এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাবও দিয়েছিল মালিক সমিতি।
তবে মঙ্গলবারের সভায় আগের প্রস্তাবের চেয়ে কম হারে, উভয় ধরনের বাসে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।