সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৩৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার হাদিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে হাদিপুর এলাকায় মজুত করা হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম এবং উপ-পরিদর্শক নকিব পান্নু।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দুটি বস্তাভর্তি মোট ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, জব্দ হওয়া ফেন্সিডিলের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।