দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হচ্ছে। আগামীকাল ২০ আগস্ট থেকে সারা দেশে এ শুমারির তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর এ শুমারি পরিচালনা করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এতে সহযোগিতা করবে।
বুধবার (১৯ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে।
শুমারিতে নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে। এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে।
নৌপরিবহন অধিদপ্তর বলছে, এই ডাটাবেজ নৌপরিবহন খাতের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় কাজে আসবে। নৌনিরাপত্তা জোরদার এবং নৌপথ ব্যবস্থাপনার উন্নয়নেও এটি সহায়ক হবে। ভবিষ্যতের নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায়ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভরযোগ্য ও হালনাগাদ চিত্র পাওয়া যাবে। এতে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
শুমারি সফল করতে নৌযানের মালিক, চালক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। বিবিএসের নিয়োগ করা শুমারি কর্মীদের সঠিক ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য তাঁদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নৌপরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক করতে এ শুমারি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।