তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জোর করে অনেকেই নববর্ষের উৎসবকে মুখোশ পরাতে চায়। কিন্তু এ উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি। মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ধর্মীয় উৎসবের পর নববর্ষ উৎসবজ্ঞ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব।
এর আগে সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে প্রেস ক্লাবে বর্ষবরণ শুরু হয়। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ, বাউল গান পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপন করেন প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবার। অনুষ্ঠান প্রাণবন্ত করতে খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা ইলিশ, চটফটি ফুসকাসহ দেশীয় খাবার পরিবেশন করা হয়।
এদিকে বাংলা নববর্ষের প্রথম দিন এক শুভেচ্ছা বার্তায় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিভিত্তিক অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, কৃষকদের সম্মান ও অবদানকে স্বীকৃতি দিতে সরকার নতুন বাংলা বছর ১৪৩৩-কে দেশের কৃষক সমাজ ও কৃষি অর্থনীতিকে উৎসর্গ করছে।
শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলা নববর্ষের প্রচলন শুরু হয়েছিল কৃষকদের ফসলের হিসাব রাখার সুবিধার্থে। বাংলা নববর্ষ একদিকে যেমন আমাদের বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি কৃষি অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
তিনি বলেন, বর্তমান সরকার কৃষিকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে।