কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের আশা, সেনাবাহিনীর এই মোতায়েনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার হবে এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী কার্যকর সহায়তা পাবে।