জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সর্বশেষ অনুষ্ঠিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। একই সঙ্গে বিগত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থপাচারের মতো বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের বাংলাদেশ সফর উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আইপিইউ মহাসচিব ও তার প্রতিনিধিদল অংশ নেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আইপিইউর ভূমিকা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি মানবাধিকার সংরক্ষণ ও বিভিন্ন দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায়ও আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিকভাবে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা একটি দেশ। এ কারণে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় আইপিইউর সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে।
বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন স্পিকার। তার মতে, বিশ্বে সংসদীয় নেতৃত্ব তৈরির মাধ্যমে এসব সমস্যা মোকাবিলায় গণতান্ত্রিক কাঠামোকে আরও কার্যকর করা সম্ভব।
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ নিজেদের ভাগ্যোন্নয়ন ও মানবিক মর্যাদা সুরক্ষায় ভোটাধিকার প্রয়োগ করেছে।
তিনি বলেন, সংসদ গণতন্ত্রের ভিত্তি। মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় সংসদকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে নেত্রকোনার বিরিশিরি একাডেমির শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে আইপিইউ মহাসচিব নৈশভোজে অংশ নেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।