সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা : কুমিল্লা কনসেপ্ট’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাদক বর্তমানে সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যা মোকাবিলায় শিক্ষাকে কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়, শিক্ষার্থীদের আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়েও শিক্ষকদের গুরুত্ব দিতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি অভিভাবকসুলভ দায়িত্ব পালন করে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারেন।
মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় ‘কুমিল্লা কনসেপ্ট’-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং একটি সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।