পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা খালেদা জিয়া-র আদর্শ ধারণ করে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া জনগণের কল্যাণ, গণতন্ত্র এবং দেশপ্রেমের রাজনীতির যে ধারা প্রতিষ্ঠা করেছিলেন, তারই ধারাবাহিকতা রক্ষা করছেন তারেক রহমান। তিনি উল্লেখ করেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের আস্থা ও সমর্থন নিয়ে রাজনীতি করেছে। অতীতের মতো বর্তমানেও দেশের মানুষের সেবা এবং জাতীয় উন্নয়নে দলটি অঙ্গীকারবদ্ধ। জনগণের কল্যাণে আগামী দিনগুলোতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আবুল খায়ের ভূইয়া, শাহাদাত হোসেন সেলিম, সাহাব উদ্দিন সাবু, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, হাসিবুর রহমান, হাফিজুর রহমান এবং নিজাম উদ্দিন ভূইয়া।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।