২০০৯ সালের বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের ষড়যন্ত্র এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সরাসরি ও পরোক্ষ পরিকল্পনাকারী এবং জড়িত ব্যক্তিদের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বনানীর একটি আবাসিক ভবনে অভিযান চালান গোয়েন্দারা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আটকের পরপরই হাফিজকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রে তার সন্দেহভাজন ভূমিকা এবং অন্যান্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।