সুবিধাবঞ্চিত শারীরিক প্রতিবন্ধীদের সহায়তায় হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ জেলা পরিষদ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপকারভোগীদের হাতে হুইলচেয়ার ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের পরিচয় হলো পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করা। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমান মর্যাদা ও অধিকারসম্পন্ন নাগরিক। তাদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
তিনি বলেন, ময়মনসিংহ জেলা পরিষদ শারীরিক প্রতিবন্ধীসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, ক্রীড়া, সামাজিক নিরাপত্তা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম ও সহনশীলতার মতো ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলে। তাই শিক্ষা ও ক্রীড়াকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে মানবিক, কল্যাণমুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ চলছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে জেলা পরিষদ সব সময় সক্রিয় ভূমিকা পালন করবে।