ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সরকারের গত ছয় মাসের কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। এ ছাড়া ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টিও কমিটিকে অবহিত করা হয়। আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা জানানো হয় বৈঠকে।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম একটি উপস্থাপনার মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থবরাদ্দ ও বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত তথ্যও কমিটির সামনে তুলে ধরা হয়।
বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বরাদ্দ করা অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।
এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।