ফেনী, ৭ জুলাই, ২০২৬: জেলার ছাগলনাইয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ দুই মাদককারবারীকে আটক করেছে।
অভিযানকারী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৭শ’ ইয়াবাসহ মো.ইসলাম (৫০) নামে এক মাদককারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক মো. ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম নিজকুঞ্জরা এলাকায় চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী এ্যাস্কয়ার পরিবহন তল্লাশি চালায়। এসময় তারা মো. ইসলামের কাছ থেকে ১ হাজার ৭শ’ ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে।
এ ঘটনায় জীবন বড়ুয়া বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার আটক মো. ইসলামকে থানায় হস্তান্তর করা হয়।
এদিকে সোমবার বিকালে পৃথক অভিযান চালিয়ে ছাগলনাইয়া ধুমঘাট ব্রীজের উত্তর পাশে তল্লাশি করে উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম ৮ লিটার চোলাই মদসহ সাব্বির আহমদ সবুজ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় ইশতিয়াক হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। রাতে সাব্বিরকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বাসস’কে জানান, পৃথক দু’টি অভিযানে ইয়াবা ও মদসহ দুই মাদককারবারীকে হাতে নাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে দু’জনকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আমরা প্রতিদিন অভিযান চালিয়ে আসছি। এছাড়াও সভা সমাবেশ করে সচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দিচ্ছি।