বগুড়ার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা থেকে জয়পুরহাটগামী যাত্রীবাহী একটি বাস থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইড কোম্পানি (সিপিএসসি)।
মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মাটিডালী বিমানমোড় এলাকার করতোয়া পাম্প সংলগ্ন মহাসড়কে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সিপিএসসি, এসআরবি-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ঢাকা থেকে জয়পুরহাটগামী যাত্রীবাহী একটি বাসে এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা বহন করে নিয়ে আসছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১২ অধিনায়কের নির্দেশনায় একটি আভিযানিক দল ওই মহাসড়কে তাৎক্ষণিক তল্লাশি চৌকি স্থাপন করে। পরে নির্দিষ্ট বাসে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।