প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেলপথ নির্মাণ দীর্ঘদিনের জনদাবি, এবং সরকার শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু করতে চায়। সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা জানান।
বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বগুড়া ও আশপাশের অঞ্চল কৃষিনির্ভর হওয়ায় এখানকার উৎপাদিত পণ্য শুধু দেশের বাজারেই নয়, বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে বগুড়া বিমানবন্দরকে কার্গো ফ্লাইট চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বগুড়ায় উৎপাদিত কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে পাঠানোর অবকাঠামো গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে। পাশাপাশি বগুড়া বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশলসহ সংশ্লিষ্ট বিষয়ে নতুন সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধাপে ধাপে এগোচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানী চালুর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এসব কর্মসূচি বাস্তবায়িত হলে নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ সরাসরি উপকার পাবেন।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, কম খরচে বিদেশে কাজের সুযোগ তৈরি করতে বিভিন্ন দেশের সঙ্গে সরকার যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সামনে ইতিবাচক অগ্রগতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কৃষি ও পানি ব্যবস্থাপনা নিয়ে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে কৃষিজমি সুরক্ষিত থাকে এবং শুষ্ক মৌসুমে পানির সংকট কমে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার উন্নয়নমূলক কাজ স্বচ্ছতার সঙ্গে করতে চায় এবং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার গোপন না রেখে প্রকাশ্যভাবেই বাস্তবায়ন করবে। তাঁর ভাষায়, গণতান্ত্রিক ব্যবস্থায় মতভেদ থাকতেই পারে, তবে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমানের উন্নয়ন।
দিনভর বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি জেলা জজ আদালতে নবনির্মিত ভবন ও ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন। পরে বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন, গাবতলীতে পৈতৃক ভিটা পরিদর্শন, জাতীয় টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধনের পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন। বিকেলের মধ্যেই পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমাগমে ভরে ওঠে। এই সফরকে কেন্দ্র করে বগুড়াসহ উত্তরাঞ্চলজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।