দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে উৎপাদন শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।
এ ছাড়া শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।