আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের এই জয়ে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।
ফলে র্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা আট দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।
স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও সরাসরি বিশ্বকাপে খেলবে।
আফগানিস্তানের জয়ে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হলেও কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। দুইবারের বিশ্বকাপজয়ী দলটিকে আবারও বাছাইপর্ব খেলতে হবে। এ নিয়ে টানা তৃতীয়বার বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবিয়ানদের। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপেও জায়গা হয়নি তাদের।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটের মধ্যে থাকায় র্যাংকিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।
বর্তমানে ৮৩ রেটিং নিয়ে র্যাংকিংয়ের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। নির্ধারিত সময়ের মধ্যে ভারতের বিপক্ষে আরও দুটি ওয়ানডে খেলবে তারা। তবে ওই দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের ওপরে ওঠার সুযোগ নেই তাদের।
ফলে ওয়েস্ট ইন্ডিজকে এবারও বাছাইপর্ব পেরিয়েই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হবে।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল খেলবে ‘সুপার সিরিজ’ নামে ত্রিদেশীয় সিরিজে। সেখানকার শীর্ষ দলও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।