পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ডান্ডি ছিল। আমাদের বসবাসের পরিবেশ আমাদেরই ধরে রাখতে হবে। বর্তমানে যে পরিবেশদূষণ হচ্ছে, তা মূলত আমাদের স্বার্থপরতার কারণে। তোমরা (শিক্ষার্থীরা) তোমাদের বাবা-মাকে দূষণের বিষয়ে সচেতন করবে এবং এ বিষয়ে তাদের দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে। তাহলে পরিবেশ রক্ষা করা অনেক সহজ হবে। আমাদের সবাইকে প্রাণ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চমৎকার এই আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানেরা আমাদের দেশের প্রাণ। আগামীতে তারাই এই দেশ পরিচালনা করবে। একেকজন একেকটি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবে। সবাইকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, এমন কোনো কথা নেই। তবে সবাইকে অবশ্যই আগে ভালো মানুষ হতে হবে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি বিদেশে একটি সেমিনারে গিয়েছিলাম। সেখানে দেখেছি, পরিবেশ রক্ষায় সচেতনতাই সবচেয়ে বড় বিষয়। আজকের বিতর্কে জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের উদাহরণ এসেছে। তারা প্রতিনিয়ত নিয়মানুবর্তিতা চর্চা করেছে বলেই আজ এই পর্যায়ে এসেছে। আমরাও এখন সেই চর্চা শুরু করেছি।
তিনি বলেন, বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো হলে যেকোনো ভালো অভ্যাস টেকসই করা অনেক সহজ হয়। তিনি (প্রধানমন্ত্রী) বিদেশে একটি অনুষ্ঠানে গিয়ে জেনেছিলেন, একটি কোম্পানি তাদের বিজ্ঞাপনে শিশুদের টার্গেট করে প্রায় ৯০ শতাংশ সফলতা পেয়েছিল। আমি আমার নির্বাচনী এলাকাতেও বলেছি, কোনো স্কুল যেন অপরিচ্ছন্ন না থাকে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশটা আমাদের সবার। তাই আমাদেরই এই দেশ গঠন করতে হবে। রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। তবে আমরা আমাদের নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করব। বর্তমানে আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো মোবাইল আসক্তি। আমি সন্তানদের অনুরোধ করব, মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে থাকতে। আমরা চাই, আমাদের সন্তানেরা বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার দিকে আরও বেশি মনোযোগী হোক।