বাংলাদেশের চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে মালদ্বীপ। একই সঙ্গে সংকটের এই সময়ে বাংলাদেশের পাশে থাকার এবং সংহতি প্রকাশের ঘোষণাও দিয়েছে দেশটি।
সোমবার (১৩ জুলাই) মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
পোস্টে বলা হয়েছে, ‘মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করছি, যারা চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের মারাত্মক প্রভাবের মুখোমুখি হয়েছেন।’
আরও বলা হয়, ‘আমাদের ভাবনা ও প্রার্থনা সেই পরিবারগুলোর সাথে রয়েছে যারা নির্মমভাবে তাদের প্রিয়জনদের হারিয়েছেন এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে দৃঢ় সংহতি প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্ত সকল সম্প্রদায়ের নিরাপত্তা, শক্তি ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছে।’
উল্লেখ্য, গত কয়েকদিনে অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু মানুষের প্রাণহানির পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। যার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবিকা।