বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে খাদ্য সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ মেট্রিক টনেরও বেশি গম আমদানি করা হয়েছে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটেও নির্ধারিত সময়ের মধ্যে গমের চালান দেশে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলেন, ইকোনমিক অফিসার রিচার্ড রাসমুসেন এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।