ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষ জনশক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।
জবাবে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সিঙ্গাপুরসহ ছোট রাষ্ট্রগুলোর উদ্বেগ ও স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
বৈঠকে দুই দেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি অভিবাসন এবং বহুপাক্ষিক সংস্থাগুলোতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়টিকে স্বাগত জানান।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন। একই সঙ্গে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়েও সহযোগিতা চান।
এ ছাড়া রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে সিঙ্গাপুরের সহযোগিতা প্রত্যাশা করেন ড. খলিলুর রহমান।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করতে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।