জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে আশাবাদ জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তাঁর মতে, অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আশাবাদ জানান তিনি। একই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন রাষ্ট্রদূত মুশফিক।
মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানেরা আলোড়িত হবেন বলেও তিনি বিশ্বাস করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কষ্টার্জিত গণতন্ত্রের বিজয় গাঁথায় বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্ক গেছেন। তার এই ঐতিহাসিক সফরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
রাষ্ট্রদূত মুশফিক আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে উপস্থিত রাষ্ট্র ও সরকার-প্রধানরা আলোড়িত হবেন।’
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। মুশফিকুল ফজল আনসারী বলেন, গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা যেভাবে জেএফকে বিমানবন্দর থেকে ফার্স্ট অ্যাভিনিউয়ের ৪৬ স্ট্রিট পর্যন্ত স্লোগানে মুখরিত করে রেখেছিলেন, এবার তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবেন।
স্ট্যাটাসের শেষে রাষ্ট্রদূত মুশফিক লেখেন, ‘ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে সবার আগে বাংলাদেশ।’