ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মধ্যে, ২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের প্রাক্তন কপিস্ট কাম বেঞ্চ সহকারী (বর্তমান কর্মস্থল: উপজেলা সেটেলমেন্ট অফিস, বেড়া, পাবনা) মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।
অন্য দিকে, ২৪/২৫ নম্বর বিভাগীয় মামলায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ডকিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বেতন গ্রেডের ০১ (এক) ধাপ নিম্নে অবনমিতকরণ-এর লঘু দণ্ড প্রদান করা হয়েছে।
ভূমিসেবাকে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত হিসেবে আরো জনকল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো রকমের অনিয়ম প্রতিরোধের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কঠোর অবস্থান বজায় থাকবে।