প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা চরিত্রহনন করা নয়। এ ধরনের আচরণ সামাজিক ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং আইনগতভাবেও অপরাধের পর্যায়ে পড়ে।
সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আতিকুর রহমান রুমন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনায় দেখা গেছে, এক কিশোরী প্রধানমন্ত্রীর নাম ধরে অসম্মানজনকভাবে কথা বলছে এবং সেখানে উপস্থিত একজন সাবেক উপদেষ্টা বিষয়টি উপভোগ করছেন। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি, তাই তাকে নিয়ে কথা বলার ক্ষেত্রেও ন্যূনতম শালীনতা ও সম্মানবোধ থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ধরনের আচরণ নতুন প্রজন্মের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে। শিশুরা বড়দের আচরণ দেখে শেখে, তাই পরিবার ও সমাজ থেকে তাদেরকে সম্মানজনক ভাষা ও আচরণের শিক্ষা দিতে হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের ইতিবাচক উদ্যোগগুলোকে গঠনমূলকভাবে মূল্যায়ন করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সঞ্চালনা করেন। এসময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।