রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি যাওয়া এনা পরিবহনের একটি বাস জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে উদ্ধার করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে টার্মিনালে পার্কিং করা বাসটি চুরি হয়ে যায়। এ সময় বাসে থাকা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে মালিকপক্ষ দেখতে পান বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলন্ত অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে মাহফুজ নামের এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানান।
কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন এবং সার্বিক যোগাযোগ রক্ষা করেন পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম। ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
সংবাদ পেয়ে রূপনগর থানার একটি টহল দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে ৫০০ গজ উত্তরে ধাওয়া করে ‘ঢাকা মেট্রো-ব ১৪-৭৩০৯’ নম্বরের এনা পরিবহনের বাসটি আটক করে। এ সময় বাস চুরির সঙ্গে জড়িত দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাসেল (২১), পিতা মো. রবিউল্লাহ, সাং-হিঙ্গাতলী, রায়পুর, নরসিংদী, বর্তমান ঠিকানা-মহাখালী বাস টার্মিনাল, ঢাকা এবং লালচান (৩০), মাতা-নাসিমা বেগম, সাং-পাইকড়া, ঝিনাইগাতী, শেরপুর, বর্তমান ঠিকানা-আলকাতরা ফ্যাক্টরি, তিব্বত, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।