সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, যে কোনো সংকটে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সেই মানবিক আচরণ মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে।
শুক্রবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক ঐক্যের বিকল্প নেই। সবাই মিলেমিশে কাজ করলে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, সামাজিক বন্ধন যত দৃঢ় হবে, ততই সমাজে শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দিবসটি উপলক্ষে দেশের মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা আয়োজনের অনুরোধ জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।