বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট এখন শুধু বাংলাদেশের নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ। তাই রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা প্রয়োজন।
তিনি বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানও তুলে ধরেন।
এদিকে পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএনকপস) ২০২৬-এ অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তঃদেশীয় অপরাধ দমনে বৈশ্বিক সমন্বয় জোরদারের আহ্বান জানান।
তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং আন্তঃদেশীয় অপরাধীচক্রের বিস্তারের কারণে আধুনিক ও সমন্বিত পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধিদলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও অংশ নেন।