শিক্ষার্থীদের জনকল্যাণে ব্যবহারযোগ্য প্রযুক্তি ও উদ্ভাবনের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের এমন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসতে হবে, যা মানুষের জীবনকে নিরাপদ, সহজ ও সুন্দর করতে ভূমিকা রাখবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘থার্ড ইন্টার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাপোজি ২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ইসমাইল জবিউল্লাহ বলেন, আগামী পাঁচ বছরে অ্যাস্ট্রোনমি ক্লাব থেকে এমন তরুণ-তরুণী উঠে আসবে, যারা শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পুরস্কার অর্জন করবে না; নিজেরা স্যাটেলাইটের মডেল তৈরি করবে, কার্যকর ড্রোন ও নতুন সেন্সর উদ্ভাবন করবে, পেটেন্ট করবে এবং স্টার্টআপ গড়ে তুলবে। এসব উদ্ভাবন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর নতুন সমাধান খুঁজে বের করতে হবে। ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তির মাধ্যমে অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তাব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, কেউ লো-অরবিট স্যাটেলাইট নিয়ে কাজ করতে পারে, কেউ কৃষিকাজে ব্যবহারের ড্রোন বা বন্যা পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করতে পারে। কেউ এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা তৈরি করতে পারে, যা বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম তথ্য দিতে সক্ষম হবে। পাশাপাশি দূষিত পানি শনাক্তকরণে কার্যকর সেন্সরসহ গ্রামীণ কৃষিকে সহজ করার প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালুর পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি।
তিন দিনব্যাপী এ আয়োজনে ঢাকা মহানগরীর ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। নটর ডেম কলেজ ও হলি ক্রস কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।