সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী বাছাইয়ে যোগ্যতা ও সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবেন এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা রয়েছে—এমন প্রার্থীদেরই মূল্যায়ন করবে দলের মনোনয়ন বোর্ড।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরুর আগে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী সাক্ষাৎকার কার্যক্রমে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এ সময় উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা।
আজকের সাক্ষাৎকারে রংপুর, রাজশাহী, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মূল্যায়ন করা হচ্ছে।
আর আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) বেলা ৩টায় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের মূল্যায়ন করা হবে।