বাংলাদেশ ও প্যালেস্টাইনের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত স্পেনের মাদ্রিদে আয়োজিত একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ এবং প্যালেস্টাইনের সংস্কৃতি মন্ত্রী ইমাদ এ. হামদানের পক্ষ থেকে পাঠানো যৌথ আমন্ত্রণপত্র সংস্কৃতি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
আমন্ত্রণপত্র গ্রহণ করে সংস্কৃতি মন্ত্রী আন্তর্জাতিক সাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, সংস্কৃতি বিশ্বজুড়ে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও সময়সূচির বিষয় বিবেচনা করে আমন্ত্রণটি ইতিবাচকভাবে পর্যালোচনা করা হবে বলেও তিনি জানান।
বৈঠকে বাংলাদেশ ও প্যালেস্টাইনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ সময় সংস্কৃতি মন্ত্রী স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
এছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়, যৌথ প্রদর্শনী আয়োজন, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপ জোরদারের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশ ও প্যালেস্টাইনের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরিতেও একমত হন তারা।