সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে রবিবার (১৯ জুলাই) তিনি এ সফরে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।