প্রথমবারের মতো সিঙ্গাপুর সফরে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। এ সফরে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সিঙ্গাপুরের এক সরকারি বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্বের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়টি। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে চলমান অগ্রগতির বিষয়েও আলোচনা হয়েছে।
সিঙ্গাপুরের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত এফটিএ বাস্তবায়িত হলে দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে।
বার্তায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সিঙ্গাপুর সফরকে ফলপ্রসূ হওয়ার শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।